সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গত শুক্রবার বাস খাদে পড়ে রাধাকান্ত হালদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। একই দিন শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসের চাপায় সুজন বেপারি (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকা থেকে দুটি বাসে করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন চিকিৎসা নেওয়ার জন্য খুলনার বটিয়াঘাটা উপজেলার ছাচিয়াবুনিয়ার দিকে যাচ্ছিল। বেলা দুইটার দিকে পথে বাঁশবাড়িয়ার এমদাদুল হক মেমোরিয়ার কলেজের সামনে তাদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রাধাকান্ত হালদার নিহত হন। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে।শরীয়তপুর: বিকেল চারটার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জাজিরা উপজেলার কাজিরহাট বন্দরের কাছে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুজন বেপারি নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী সাগর (১২) গুরুতর আহত হয়। গলাচিপা (পটুয়াখালী): বেলা পৌনে দুইটার দিকে গলাচিপা উপজেলার চান্দের হাওলা গ্রামের মো. নুরু বয়াতির নাতনি হালিমা (৪) তার নানাবাড়ি-সংলগ্ন রাস্তার পাশে খেলছিল। এ সময় একটি মোটরসাইকেল হালিমাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বেলা সোয়া তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।