সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন। তাঁদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ও গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের পিন্টু মোল্লা (৩৭), বাজু প্রামাণিক (৫০), কুমারখালী উপজেলার চরমহেন্দ্রপুর গ্রামের ইউনুস আলী (২৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঝড়ের সময় লালনশাহ সেতুর কাছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার ষোলদাগ যাত্রীছাউনির সামনে দ্রুত ছুটে আসা একটি ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে একটি বেবিট্যাক্সিকে চাপা দেয়। এতে ট্রলি এবং ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় ট্রলি ও ট্যাক্সির ১২ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথে পিন্টু মোল্লা মারা যান। বাজু প্রামাণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় মারা যান। আহত ১২ জনের মধ্যে আমিরুল ইসলাম, মাহাবুল ইসলাম, কমেলা খাতুন, সোহেল রানা, ছাব্বির হোসেন, মনোয়ারা খাতুন, রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খাঁ পাড়া এলাকায় গতকাল বুধবার সকাল আটটার দিকে আলুবোঝাই একটি করিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই করিমনের চালক ইউনুস আলী (২৯) নিহত হন। কুমারখালী থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।