সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-টাঙ্গাইল মহসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। একই দিন মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দি গ্রামে খাদিজা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর দুবাই থেকে গতকাল বিকেলে দেশে ফেরেন জয়পুরহাটের আক্কেলপুরের দেবীশাওল গ্রামের দুবাইপ্রবাসী সবুজ মিয়া (৩২)। তাঁকে আনতে তাঁর স্ত্রী মনিকা আক্তার (২৮), ছেলে সজল মিয়া (৫), তাঁর (সবুজ) বোন সাথী আক্তার (৩৪), বোনজামাই মোখলেছুর রহমান (৪০), ভাগনে শান্তসহ (৭) স্বজনেরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সবুজকে নিয়ে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান। এ ছাড়া অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সজল মারা যায়। পরে গুরুতর আহত সাথী, মনিকা ও শান্তকে ঢাকায় পাঠানো হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিশুর পরিবার ও দৌলতপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওর-দৌলতপুর সড়কের পাশে মুলকান্দি গ্রামে খাদিজাদের বাড়ি। গতকাল বেলা দুইটার দিকে খাদিজা বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি লেগুনাকে ওভারটেক করার সময় অপর একটি লেগুনা শিশুটিকে চাপা দেয়। এতে খাদিজা গুরুতর আহত হয়। পরে তাকে প্রতিবেশী ও স্বজনেরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাদিজা মুলকান্দি গ্রামের মন্টু মিয়ার মেয়ে।
নিহত খাদিজার চাচা মিন্টু মিয়া জানান, একমাত্র সন্তানকে হারিয়ে খাদিজার মা-বাবা বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। পরিবারে চলছে আহাজারি। তিনি চালক ও সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা কলিয়া বাজার এলাকা থেকে লেগুনাটি জব্দ করে। এ সময় স্থানীয়রা ওই লেগুনার চালক হৃদয় হোসেন (২২) ও তাঁর সহকারী রাসেল শেখকে (১৮) আটক করে। পরে তারা তাঁদের পুলিশে সোপর্দ করে।