সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর আগের দিন সোমবার বগুড়ার শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলশিক্ষক প্রাণ হারান।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: গতকাল দুপুরে বড়াইগ্রামের চকপাড়া মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে চালক এবং এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। নিহত ব্যক্তিরা হলেন শেরপুর জেলার শ্রীবরদীর ফতেহপুর গ্রামের আবদুস সালাম (৪৫) ও রাজশাহীর মতিহার থানার বহরমপুর মহল্লার জাহিদ হাসানের মেয়ে ঐশী (১৭)।
বড়াইগ্রাম থানা সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অর্ধেক ও ট্রাকের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায়। বড়াইগ্রাম থানা, বনপাড়া হাইওয়ে পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। দুর্ঘটনায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। নিহত দুজনের লাশ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। আহত ১৫ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের বনপাড়া আমেনা হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের সাথী বেগম, তাঁর মেয়ে সোহানা, একই জেলার তরিকুল ইসলাম, জুলফিকার আলী, কবির, তানিয়া, রানি বেগম, লিপি, জিনিয়া ও হেলাল, রাজশাহী কোর্ট এলাকার রেজিনা বেগম, নাটোরের মামুন হোসেন ও রবিউল এবং ট্রাকের সুপারভাইজার মাসুদ রানা। তাঁদের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় উপজেলার মির্জাপুর খলিফা পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। তিনি ভীমজানী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। সোমবার বিদ্যালয় ছুটি শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সড়ক পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মোনায়েম বলেন, শহিদুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে পাঁচটায় তিনি মারা যান। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে যায়।