সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালক প্রাণ হারিয়েছেন।
গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাঠিরপাড় গ্রামের ঠান্ডা মীর (৬৫); গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া মহল্লার বাসিন্দা বীণা শীল (২৫) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠী গ্রামের সোহেল সুতার (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বুধবার বিকেলে শহরতলির পেচানীকান্দি সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঠান্ডা মীরকে একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে তিনিসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে ঠান্ডা মীর মারা যান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, একই দিনে দুপুরে ওই এলাকায় একটি নছিমন পথচারী বীণা শীলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বীণা মারা যান।
পিরোজপুরের ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক সোহেল একজন যাত্রী নিয়ে নেছারাবাদ থেকে ভান্ডারিয়ার ইকড়ি যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইকড়ি এলাকার নাট সেতুর কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সোহেল ও আরোহী আবদুস সালাম মোল্লা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।