সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫ জন
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মাস্তা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে চাপা দিলে তাঁরা নিহত এবং ওই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আলিম মিয়া (৪০), একই গ্রামের খোকা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০) ও তাঁর স্ত্রী তারা বেগম (২৮)। ফাঁসিতলা বাজার থেকে কাজ শেষে রাতে সড়কের পাশ ঘেঁষে হেঁটে তাঁরা বাড়ি ফিরছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় একই পরিবহনেরই অপর একটি বাস দিনাজপুর থেকে সিলেট যাচ্ছিল। ফাঁসিতলা মাস্তা এলাকায় সিলেটগামী বাসটি অপর বাসটিকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসচাপায় ওই তিন পথচারী ও ১৫ বাসযাত্রী আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঁদের মধ্যে গুরুতর আহত তিন পথচারীকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তাঁরা মারা যান।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় বাস দুটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারীরা পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহতরা সবাই দরিদ্র দিনমজুর।