সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দুর্ঘটনাকবলিত বাসটি l প্রথম আলো
নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দুর্ঘটনাকবলিত বাসটি l প্রথম আলো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চার ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে নাটোর-পাবনা ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু কাইয়াপাড়া মোড়ে ট্রাক্টরচাপায় মো. হাবিবুল্লাহ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
নাটোরের বড়াইগ্রাম-বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে কারবালা এলাকায় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ট্রাকের চালকসহ চার যাত্রী ও ট্রাকের ওপরে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে সাতটার দিকে বাদামতলা এলাকায় একটি ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের আরোহী সাহাদত আলী (১৫) মারা যায়। এ সময় সঙ্গে থাকা ছেলেটির বাবা গুরুতর আহত হন। তাঁকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকাল আটটার দিকে মানিকপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী এসবি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের বড়াইগ্রাম ও নাটোর সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার শিকার তিনটি ট্রাক ও বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কুয়াশার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হাবিবুল্লাহ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলটির আরেক আরোহী একই গ্রামের রসুল হকের ছেলে মাসুদ রানা (১৮) আহত হন।