সড়ক দুর্ঘটনায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন।

নিহত ব্যক্তিরা হলেন সখিনা বিবি (৪০), সখিনার ফুপু শাশুড়ি মখলিছ বিবি (৬০) ও মো. সুফিয়ান (২২)। তাঁরা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সখিনা বিবিসহ তাঁর পরিবারের পাঁচ সদস্য আজ দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অটোরিকশায় করে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে যাচ্ছিলেন। আইনগাঁও এলাকায় গেলে ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এর আগে বাসের চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে বেলা দুইটার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় মামলা হয়েছে।