সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ২৫ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল বরগুনার বেতাগী উপজেলায় দুজন ও গত রোববার বাগেরহাটে এ ব্যক্তি নিহত হয়েছেন। নাটোরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ছাত্র আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে বেতাগী-নিয়ামতি সড়কের পূর্ব বেতাগী এলাকায় গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরোহী আবদুল কুদ্দুস (৩৫) ঘটনাস্থলে নিহত হন। চালক রাসেলকে (২৫) বরিশালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর আরোহী আবদুস সোবহান (৪৫) গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে ওই দুই যাত্রী বেতাগী থেকে নিয়ামতি যাচ্ছিলেন। এ সময় পূর্ব বেতাগী এলাকায় একটি গতিরোধক পার হতে গিয়ে অসাবধানতাবশত মোটরসাইকেলটি উল্টে এই দুর্ঘটনা ঘটে। বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নুর মোহামঞ্চদ (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া মানিকতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুর মোহামঞ্চদ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের আবদুস সোবহানের ছেলে। রোববার রাত সাড়ে আটটার দিকে একটি বাস বাইসাইকেলের আরোহী নুর মোহামঞ্চদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাসফরের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাফিজ ইকবাল নামে এক ছাত্রকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষাসফর শেষে সিলেট থেকে ফিরছিলেন। গতকাল ভোরে বাসটি নাটোরের বনপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন।
আহতদের প্রথমে নাটোরের বনপাড়ার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।