সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে উল্টো পথে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের ফরহাদ হোসেন (৩৮) ও তাঁর শাশুড়ি রাজৈরের নিসাবদী গ্রামের স্বরূপা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইজিবাইক থামিয়ে যাত্রী নিচ্ছিলেন চালক। এ সময় উল্টো পথে আসা সার্বিক পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ফরহাদ হোসেন। আহত লোকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বরূপা বেগম। আহত লোকজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যমুনা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি নছিমন উল্টে মিঠুন (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার মাঝিরকান্দা চালনাই ইটখোলার সামনে এ দুর্ঘটনা ঘটে। মিঠুন দোহার উপজেলার চর লটাখোলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, মাঝিরকান্দা চালনাই ইটখোলার সামনে যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি নছিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নছিমনের চালক মিঠুন মারা যান।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে আজ সকালে পণ্যবোঝাই ট্রাক উল্টে রাসেল আহমেদ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রাসেল ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক অঞ্জনগাছী হয়ে ধলসা বাজারের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের ধানখেতে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকে থাকা বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।