সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গোপালগঞ্জ ও পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের বাসাবাড়ী গ্রামের রেহানা বেগম, কোটালীপাড়ার নারিকেলবাড়ী গ্রামের লক্ষ্মী বাড়ৈ (৫২) ও সুরধনী রায় (৫৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের জায়েদা বেগম (৩৫)। তাঁদের মধ্যে লক্ষ্মী বাড়ৈ ভারত থেকে কোটালীপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুটি বাস ওভারটেকিং করার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রেহানা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কোটালীপাড়া-কান্দি সড়কের তারাকান্দা বাজারের কাছে নছিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই নারী নিহত ও ১১ জন আহত হন। আহত আটজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে মঙ্গলবার বিকেলে জায়েদা বেগম মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুলিসাখালী এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।