সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গত সোববার ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মাগুরা-যশোর সড়কের রায়গ্রাম খৈতলা এলাকায় সোমবার রাতে মাইক্রোবাসের চাপায় আবদুল খালেক (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ধ্যা সাতটার দিকে রাস্তা পারা হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস খালেককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাস ও ট্রাকের চাপায় রেশমা খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মাদারীপুর সদর উপজেলার এনায়েতনগর কাচারীকান্দ গ্রামের লোকমান হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটে বাস থেকে নেমে লঞ্চঘাটের উদ্দেশে রেশমা তাঁর স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস ও কাঁচা মরিচ বোঝাই ট্রাকের সামনে দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রাকটি দ্রুত এগিয়ে গেলে রেশমা ট্রাক ও বাসের চাপায় পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক আতাউর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ থানায় মামলা হয়েছে।
খুলনা: জেলার পাইকগাছা উপজেলায় নছিমনের চাপায় শাহিনা খাতুন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে উপজেলার চাঁদখালীর আলমতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের শাহিন মোড়লের মেয়ে। পুলিশ জানায়, শাহিনা তার বড় বোনের সঙ্গে আলমতলার চরমসজিদসংলগ্ন পাইকগাছা-কয়রা সড়ক দিয়ে হাঁটছিল। এ সময় পেছন দিক থেকে একটি যাত্রীবাহী নছিমন তাকে চাপা দিয়ে চলে যায়।
মাদারীপুর: সদর উপজেলার সমাদ্দার এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ী আবুল কালাম মৃধাকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে সদর উপজেলার মাহমুদসী গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কালাম ভাঙ্গায় মাছ বিক্রি করতে যাচ্ছিলেন। সমাদ্দারের কাঠেরপুল নামক স্থানে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়।
ঝিনাইদহ: শৈলকুপার কুলচারা নামক স্থানে গতকাল সকালে বাস-ট্রাকের সংঘর্ষে বাসের চালকের সহকারী কোরবান আলী (৩৫) নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনির বাসিন্দা। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস কুলচারা বর্ষা ফিলিং স্টেশনে ঢোকার সময় পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।