সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল সোমবার চালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলেসহ মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। একই দিন সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চালবোঝাই ট্রাকটি বিকেল সাড়ে পাঁচটার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়ক দিয়ে আক্কেলপুরের দিকে যাচ্ছিল। একটি মোটরসাইকেলে চড়ে তিন আরোহী একই দিকে যাচ্ছিলেন। পথে সড়কের গভরপুর এলাকায় মোটরসাইকেলের চালক ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের কালাম হোসেন (৩০) ও তাঁর ছেলে স্বাদ হোসেন (৫) এবং বগুড়ার সান্তাহার শহরের উজ্জ্বল হোসেন (৩২)।
আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান, পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিরা কনে দেখতে জয়পুরহাট গিয়েছিলেন।
এদিকে সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোররাতে বঙ্গবন্ধু সেতুর ওপরে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সহকারী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। একই মহাসড়কের বানিয়াগাতিতে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হন।