সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আজ শুক্রবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। হতাহত ব্যক্তিদের সবাই লেগুনার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার শিবপুর বাজার এলাকায় আজ সন্ধ্যায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় কয়েকজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত চারজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদুল হাসান জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।