সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত বৃহস্পতিবার ট্রাকের চাপায় এক দিনমজুর নিহত হয়েছে। নড়াইলের লোহাগড়া, গোপালগঞ্জ ও টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে আরও চারজন নিহত হয়েছে। মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামের দিনমজুর ওহিদুল ইসলাম (১৮) গত বৃহস্পতিবার উপজেলা শহর থেকে ওএমএসের চাল কিনে অপর রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় ভূরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ওহিদুল ইসলাম সড়কে পড়ে গিয়ে নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অপর একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ট্রাকের চালক লিটনকে (৩০) আটক করেছে।লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়ার তালতলা বাসস্ট্যান্ডের পাশে গতকাল একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নসিমনচালক শেখপাড়ার বাতাসী গ্রাসের মজনু বিশ্বাস (৩০) নিহত হন।গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী এলাকায় গত বৃহস্পতিবার একটি ট্রাক একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গিয়ে বাইসাইকেলের আরোহী আরমান সিকদার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে সদর উপজেলার ডালনিয়া গ্রামের ইবাদত সিকদারের ছেলে।মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় গত বৃহস্পতিবার একটি ট্রাক একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই আরোহী দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রুবেল (৩০) ও অজ্ঞাত (২৫) এক ব্যক্তি নিহত হন। অজ্ঞাত ব্যক্তিটি চালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে। পিকআপচালক পলাতক রয়েছেন। গতকাল একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি ম্যাক্সি উল্টে যায়। এতে ওই ম্যাক্সিতে থাকা মির্জাপুর থানার এসআই নাসির উদ্দিন, এএসআই মোশাররফ হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম, শিবশংকর ও জসিমউদ্দিন আহত হন।