সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুর-শাহপুর সড়কে ডুমুরিয়া উপজেলার শলুয়ায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী।দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শাহপুর থেকে নগর পরিবহনের একটি বাস (রাজশাহী ব-৪৪৫৬) দ্রুতগতিতে খুলনার দিকে যাওয়ার পথে শলুয়ায় একটি ট্রাককে মুখোমুখি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলার লতা খামারবাড়ি এলাকার ময়না মণ্ডল (২০) ও তাঁর ছেলে কৌশিক মণ্ডল (৪); থুকড়া গ্রামের মর্জিনা বেগম (৪৫); দিঘলিয়া উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা বিধান চন্দ্র ঢালী (৪০) ও বাসের চালক বাবু (৪৫) নিহত হন। আহত যাত্রী নবীন মণ্ডল (৩৫) প্রথম আলোকে বলেন, ‘শাহপুরিত্তে বাসে উঠার পর দ্যাখলাম, ড্রাইভার খুব জোরে চালাচ্ছে। আমি কলাম, ভাই এট্টু আস্তে চালান। সে কলে, পাঁচ মিনিট লেট রয়ছে। তাই কয়ে আরও জোরে চালাতি থাকলে। শলুয়ার কাছে আইসে এট্টা ট্রাকরে সাইড দিতে যাইয়ে আমাগে শেষ করে দেছে।’ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য খুমেকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।