সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বগুড়ার শিবগঞ্জে গতকাল সোমবার ভটভটির চাপায় এক শিশু নিহত হয়েছে। শিবগঞ্জ, নীলফামারীর ডোমার, সিরাজগঞ্জ ও দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: শিবগঞ্জ (বগুড়া): উপজেলার সাদুরিয়া এলাকায় গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটির চাপায় সিমলা খাতুন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার মাটিয়ান গ্রামের সালামত আলীর মেয়ে। এ ছাড়া গণেশপুর এলাকায় রোববার জয়পুরহাটগামী একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে বাসযাত্রী সোনাতলা উপজেলার আচারপাড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে রুবেল আহমেদ (২৫) নিহত হন। নীলফামারী: ডোমার উপজেলার নিজভোগডাবুড়ি নোয়াখালীপাড়া এলাকায় রোববার একটি মোটরসাইকেলের ধাক্কায় আছিয়া বেগম (৪০) নামের এক পথচারী নিহত হন। তিনি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মনিয়া মিয়ার স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় গতকাল একটি মাইক্রোবাস একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী ওসমান আলী (৫০) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার গাছাবাড়ি গ্রামে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।ফুলবাড়ী (দিনাজপুর): উপজেলার রাঙামাটি এলাকায় গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী উপজেলার আলাদীপুর গ্রামের মনমোহন চাঁদের ছেলে হরেশ চাঁদ (৪৫) নিহত হন। পরে ওই বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আট যাত্রী আহত হন।