সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম, দাউদকান্দি ও চাঁদপুরের শাহরাস্তিতে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২৬ জন। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:লাকসাম (কুমিল্লা): পুলিশ জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় গতকাল সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানটি সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জিয়াউল হক (২৭), মিজানুর রহমান (১৬) ও সেলিম রেজা (২৭) নিহত হন।দুর্ঘটনায় সেতাফুল আলী (৩০), ভোলা মিয়া (১৫), টাকু মিয়া (১৯), মামুনসহ (২০) কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন।পুলিশ জানায়, হতাহত ব্যক্তিদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শাহরাস্তি (চাঁদপুর): প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেলে শাহরাস্তির পাথৈর এলাকায় একটি ট্রাক্টর এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আবদুর রশিদ (৫৫) গুরুতর আহত হন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দাউদকান্দি (কুমিল্লা): হাইওয়ে পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত কাভার্ড ভ্যানের চালক কাজী লিটন (৪০) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত চালকের সহকারী স্বপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নিহত কাভার্ড ভ্যান চালকের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।এলাকায় শোকের ছায়া: নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বাড়িতে চলছে মাতম।নিহত জিয়াউল হকের স্ত্রী আলেয়ারা খাতুন বলেন, স্বামী রাতে ফোন করে বলেন, ‘মা, মেয়ে আঁখি (৪) ও ছোট ভাইয়ের জন্য ঈদের জামাকাপড় নিয়ে আসছি। তুমি দুঃখ করো না। আমরা দুজন সামনের ঈদে নতুন কাপড় কিনব।’ এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।গতকাল নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৪০ জন নির্মাণশ্রমিক বাসে করে বাড়ি ফেরার পথে লাকসামে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে জিয়াউল হকসহ তিনজন নিহত হন।