সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম ও দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক বড়াইগ্রামের মিলন হোসেন (৩০), যাত্রী আফতাব হোসেন (১১), নাছিমা বেগম (৩৫), রওশনারা বেগম (৪০) ও সুফিয়া বেগম (৪০) এবং হাকিমপুরে স্কুলছাত্রী রুমি আকতার (১৩)।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী সরকার জানান, গতকাল সকাল সাড়ে সাতটায় বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পুঠিয়া থেকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর ১০ আরোহীর পাঁচজন নিহত হন। আহত অপর পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চাঁদনী (১৪), পথিক (১১), শহিদুল ইসলাম (৫৫) ও টুনটুনি বেগমের (৪০) অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং বিয়ে উপলক্ষে বেড়াতে যাচ্ছিলেন। গতকাল দুপুর একটার দিকে সপ্তম শ্রেণীর ছাত্রী রুমি আকতার ডাংগাপাড়া বাজারে ফুল কিনতে যাওয়ার সময় হাকিমপুর উপজেলার হিলি-বিরামপুর সড়কের ঢেলুপাড়ার কাছে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের রুস্তম আলীর মেয়ে।