সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পাবনার আটঘরিয়া, রংপুরের বদরগঞ্জ, গোপালগঞ্জের কাশিয়ানী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও সিরাজগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: আটঘরিয়ার টেবুনিয়া-চাটমোহর সড়কের উত্তর চক এলাকায় গতকাল দুপুরে ট্রাকের চাপায় উত্তম কুমার দেব (২৫) নামের এক যুবক নিহত হন। বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের যুগীপাড়া এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের চাপায় দুধ-ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৩) নিহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের কাছে গতকাল ট্রাকের চাপায় সৈয়দ আলী (৫০) নামের এক লোক নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের কাছে গতকাল সকালে ট্রাকের চাপায় লামইয়া (১০) নামের এক শিশু নিহত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের দর্জিপাড়া এলাকায় শুক্রবার যাত্রীবাহী বাসের চাপায় সোমাইয়া (৪) নামের আরেক শিশু নিহত হয়। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দিয়ারপাচিলা এলাকায় শুক্রবার ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।