সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বরগুনায় বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া যশোরের কেশবপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:ঝিনাইদহ: আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ও হূদয় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রাইভেট পড়ে একই বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে কোটচাঁদপুর-আলামপুর সড়কের ৩ নম্বর আলামপুর গ্রামের মাঝে পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়।কেশবপুর (যশোর): খুলনার ডুমুরিয়া উপজেলার সরাপপুর গ্রাম থেকে মহেন্দ্র গাড়ি নিয়ে যশোরে বেড়াতে যায় একটি পরিবার। গতকাল ভোরে কেশবপুর শহরের বাস টার্মিনাল এলাকায় গাড়িটি দ্রুতগতিতে গিয়ে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সরাপপুর গ্রামের লিয়াকত আলী শেখ মারা যান। গোপালগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-পুকুরিয়া সড়কের চরমানিকদাহে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ইসাহাক মোল্লা (১৮) নিহত হন। এদিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫) গতকাল সকাল আটটার দিকে মারা গেছেন। ১০ মার্চ গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।বরগুনা: বৃহস্পতিবার বিকেলে একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে বরগুনা থেকে বেতাগীতে যাচ্ছিল। ওই বাসের ছাদে যাত্রী হয়ে পনু মিয়া বাড়িতে ফিরছিলেন। এ সময় এই সড়কের সোনার বাংলা এলাকায় তিনি বাসের ছাদ থেকে পড়ে মারা যান। তিনি বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গিলাতলী গ্রামের বাসিন্দা।