সড়ক দুর্ঘটনায় নিহত ৬ এসপিসহ আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার ছয়জন নিহত এবং পুলিশের এসপিসহ ১৬ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর সুমনা প্রাইভেট হাসপাতালের মালিক ও চিকিৎসক সিরাজুল ইসলাম (৬৫), তাঁর সফরসঙ্গী আবদুল খালেক (৬৫) ও চালক অন্তু মিয়া (৪৫); মুন্সিগঞ্জের গজারিয়ার মধ্য বাউশিয়া গ্রামের তাহমিনা আক্তার (৪); ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি গ্রামের মোখলেসুর রহমান (৪২) ও লিয়াকত আলী (২৭)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: গতকাল সকালে চিকিৎসক সিরাজুল ইসলাম তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা চিকিৎসক সিরাজুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে চালক অন্তু ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজন মারা যান।

মাধবদী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সিগঞ্জ: গতকাল সকালে তাহমিনা বিদ্যালয়ে যাওয়ার জন্য তার মায়ের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক তাহমিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে তার মা অক্ষত আছেন। তাহমিনা মধ্য বাউশিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, ট্রাকটিকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন আহত হয়।

গাজীপুর: শ্রীপুর উপজেলার জৈনাবাজার-কাওরাইদ সড়কের লোহাইবাজার এলাকায় গতকাল সকালে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে কাওরাইদগামী মাছভর্তি নছিমন ও জৈনাবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রীপুরের মুলাইদ এলাকার একটি পোশাক কারখানার অপারেটর লিয়াকত আলী মারা যান এবং অন্য চারজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য ক্লিনিকে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে পেট্রোবাংলার কর্মচারী মোখলেসুর রহমানের মৃত্যু হয়।

মানিকগঞ্জ: গতকাল দুপুরে পুলিশ সুপার এহসান উল্লাহ তাঁর ব্যবহৃত সরকারি পাজেরো জিপ গাড়িতে করে ঢাকা থেকে মাগুরায় যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে উথলী-পাটুরিয়া সড়কের আড়পাড়া এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁর পাজেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। আর প্রাইভেট কারটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে পুলিশ সুপার ও তাঁর গাড়ির চালক মোজাম্মেল হোসেন এবং ওই প্রাইভেট কারের এক যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামসুন্নাহার বলেন, পুলিশ সুপারের মাথার ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন-অর রশিদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।