সড়ক দুর্ঘটনায় নিহত ৭
বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক বৃদ্ধা নিহত হয়েছেন৷ এর আগে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।
এদিকে বগুড়ার শাজাহানপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মোটরসাইকেল চালক হাসান আলী (৩২), আরোহী সাদ্দাম হোসেন (২৮) ও আবদুল রাশেদ (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে টিআর পরিবহনের একটি বাস শেরপুরে মহাসড়কের পাশে মহিলা কলেজের সামনে অজ্ঞাতনামা (৬৫) এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারা যান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ধুনট সড়কের শালফায় একটি অটোরিকশা গভীর খাদে পড়ে চারজন আহত হন৷ তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান বৃদ্ধা কমলা খাতুন (৬০)৷
মঙ্গলবার রাতে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ডের সামনে মাইক্রোবাসের চাপায় জামাল উদ্দিন (৫৫) নিহত হন৷ একই দিন রােত উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় গরুবোঝাই একটি নছিমনের সামনের চাকা খুলে যায়৷ এতে নছিমনের যাত্রী উল্লাপাড়া উপজেলার চরতারাবাড়ীয়া গ্রামের জামাল উদ্দিন (৫০) গাড়ির নিচে চাপা পড়ে মারা যান৷