সড়ক দুর্ঘটনায় নিহত ৭
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে গতকাল মঙ্গলবার একটি বিআরটিসি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নারীসহ সাতজন নিহত হয়েছে। পুলিশের ধারণা, নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। পুলিশ জানায়, সিলেট থেকে ভৈরবগামী বিআরটিসির একটি বনভোজনের বাস রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ফুলতলী বাজারে পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও দুই পুরুষ নিহত হন। পরে আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের পরিচয় মেলেনি। বাসে ভৈরব জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রীরা ছিলেন। তাঁরা বনভোজন শেষে সিলেট থেকে ভৈরব ফিরছিলেন। উপজেলার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসার আলম জানান, বাসের গায়ে বিআরটিসি মহাখালী-ভৈরব লেখা ছিল। পাশাপাশি বনভোজনের একটি ব্যানার ছিল। তাঁদের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাস যাত্রী।