সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা, গাজীপুরের কালিয়াকৈর, দিনাজপুর, ঝালকাঠি ও রাজবাড়ীর পাংশায় গতকাল মঙ্গলবার এবং গত সোমবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:সিরাজগঞ্জ ও উল্লাপাড়া: নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পাটধারীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম নবী মন্ডল (৩৫), অন্যজন অজ্ঞাত (২৫)। আহত ব্যক্তিদের উল্লাপাড়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা উপজেলার সাতটিকরী তালতলায় একটি বাসের চাপায় শিমা (১৩) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিমা সলঙ্গার ফেউকান্দি গ্রামের জুব্বার আলীর মেয়ে। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শহিদুল ইসলামের (৩০) মৃত্যু হয়। দিনাজপুর: শহরের পৌরসভা মোড়ে গত সোমবার বেলা ১১টার দিকে একটি বাস একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক বেলায়েত হোসেন (৪০) বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বেলায়েত হোসেন বিরল উপজেলার শ্যামপুর গ্রামের হযরত আলীর ছেলে। ঝালকাঠি: নলছিটি-দপদপিয়া সড়কের মল্লিকপুরে গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার যাত্রী স্কুলছাত্র স্বাধীন হাওলাদার (৯) নিহত হয়েছে। এ সময় তার ভাই সংগ্রাম হাওলাদার (১২) ও বোন মারিয়া (৫), রিকশাচালক সেলিম খান (৪৫) আহত হয়। নিহত স্বাধীন নলছিটি পৌর কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশা শহরের কলেজ মোড় এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপু ভূঁইয়া (২৫) মারা যান। এ ছাড়া মোটরসাইকেল আরোহী মফিজ পাটোয়ারী (৭০) ও তাঁর ছেলে হাবিব পাটোয়ারী (২৪) গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মফিজ পাটোয়ারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।