সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৩ জন প্রাণ হারিয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২ জন। এ হিসাব মতে আগের বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ১৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন উপস্থাপন করেন নিসচা আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ২ হাজার ৭১৩টি দুর্ঘটনায় ১০ হাজার ৭৭০ জন ব্যক্তি আহত হওয়ার বিপরীতে ২০১৫ সালে ২ হাজার ৬২৬টি দুর্ঘটনায় আহত হয়েছে ৬ হাজার ১৯৭ জন। এ হিসাবে দুর্ঘটনা কমেছে ৮৭টি। আহত হওয়ার হার কমেছে ৪২ শতাংশেরও বেশি।

নিসচার প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে। এর মধ্যে ঢাকা জেলায় সর্বাধিক ৩৫৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পথচারীর সংখ্যাই বেশি।

নিসচার পর্যবেক্ষণ, বছরের শুরুর দিনগুলোতে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি থাকায় অনেক দিন রাস্তায় গাড়ি চলাচল ছিল অপেক্ষাকৃত কম। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করতে গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদান, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগ দুর্ঘটনার সংখ্যা এবং নিহত ও আহত হওয়ার হার কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ।

নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, প্রকৃতপক্ষে দুর্ঘটনার সংখ্যা এবং এতে প্রাণ হারানো কিংবা আহত হওয়া ব্যক্তির সংখ্যা অনেক বেশি। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত দুর্ঘটনা-বিষয়ক সংবাদ এবং এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে। অনেক দুর্ঘটনার খবর গণমাধ্যমে আসে না। আর দুর্ঘটনায় নিহত ব্যক্তির পক্ষে কেউ মামলা না করলে তা সরকারিভাবে নথিভুক্ত হয় না।

নিসচা চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের হিসাবে সড়ক দুর্ঘটনায় নিহতের যে সংখ্যা, সরকারি হিসাবে তা অনেক কম। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতি বছর ২১ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। অথচ এ সংক্রান্ত সঠিক পরিসংখ্যান ছাড়া দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াও সম্ভব নয়।’ এ জন্য তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ এ বিষয়ক গবেষণা ও যথাযথ পরিসংখ্যানের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আলাদা একটি সেল গঠনের দাবি জানান। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও যাত্রীবিমা বাধ্যতামূলক করার জন্যও সরকারের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান। উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব শামীম আল দীপন ও ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক প্রমুখ।