সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় বৃদ্ধ ও শেরপুরে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়ায় গতকাল বুধবার বিকেলে বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হয়। শেরপুরে গতকাল সকালে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার ছয়াশি গ্রামের মো. ইসলাম উদ্দিন (৬৮) ও শেরপুর শহরের নবীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে আবদুল আওয়াল (৫)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে তিনটার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার কাজানসি এলাকায় নেত্রকোনা থেকে মদনগামী যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ইসলাম উদ্দিনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন বৃদ্ধ বাসযাত্রী নিহত হয়েছেন। বাসটির চালককে আটকের চেষ্টা চলছে।
শেরপুর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আড়ে আটটার দিকে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী আওয়াল বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু বিদ্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এম এ জব্বার প্রামাণিক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার চায়না বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে পরিবারের আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।