সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত
ময়মনসিংহ সদর উপজেলার রাঘরপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এদিকে সিলেটের বিশ্বনাথ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ময়মনসিংহ: সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুর এলাকায় একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীসহ তিনজন নিহত হন। অটোরিকশার আহত তিন যাত্রীকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন। রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বিশ্বনাথ: মোটরসাইকেলে চড়ে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নোমান নামে এক ব্যক্তি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খালেদ নামে এক ব্যক্তি মারা যান। নোমান আহমদ (১৬) উপজেলার দেওকলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে ও খালেদ আহমদ (১৬) তাজুল ইসলামের ছেলে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাতবর্গ এলাকায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার যাত্রী রিপা আক্তার (২৫) নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হন।
রায়পুর: রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাসাবাড়ি এলাকায় মালবাহী ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে রায়পুরের দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ইসলাম উদ্দিন (২৮) ও তাঁর সহকর্মী বাবলু সর্দার আহত হন। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ইসলাম উদ্দিন মারা যান।