সড়ক দুর্ঘটনায় পরীক্ষা দিতে পারল না পাঁচজন
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত হয়ে আজ বুধবারের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে পারেনি পাঁচজন পরীক্ষার্থী। সকাল নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থীরা হলো ফাহিমা আক্তার, শারমিন আক্তার, রেশমা বেগম, সুফিয়া আক্তার, শারমিন বেগম ও কুলছুম আক্তার। তারা উপজেলার মধ্যচরমনসা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে কুলছুম আক্তার দেরিতে হলেও পরীক্ষায় অংশ নেয়। অন্যরা গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরীক্ষা দিতে পারেনি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা (সার্জারি) আবু খায়ের বলেন, শারমিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, মধ্যচর মনসা দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসার ছয় ছাত্রী আজকের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে বাড়ি থেকে অটোরিকশায় করে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর-রামগতি সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ছয় শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার পর আহত ফাহিমা আক্তার, শারমিন আক্তার, রেশমা বেগম, সুফিয়া আক্তার ও শারমিন বেগমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারমিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর শিক্ষার্থী কুলছুম আক্তার পরে পরীক্ষায় অংশ নেয়।
লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার কেন্দ্র সচিব আবু তাহের বলেন, আহত ছয় পরীক্ষার্থীর মধ্যে পাঁচ পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি। কুলছুম আক্তার আহত অবস্থায় দেরিতে পরীক্ষায় অংশ নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটি পুলিশ উদ্ধার করেছে। ট্রাক চালক পলাতক।