সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৬
ফরিদপুরের সালথা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ আঁখি বেগম (২০) নিহত হয়েছেন। রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (২৬) নামের এক তরুণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টেম্পো উল্টে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তি প্রাণ হারান। বাগেরহাটের কচুয়ায় সুজিত সাহা (১১) নামের এক স্কুলছাত্র এবং বরগুনার আমতলীতে মোটরসাইকেলের দুই আরোহী ফেরদৌস (১৫) ও মিরাজ (১৬) নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: শহরের আলীপুর মহল্লার ওবায়দুর রহমান গতকাল সোমবার সালথা উপজেলার চান্দাখোলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আঁখি বেগম ও মেয়ে ইতিকে (৪) নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। দুপুর ১২টার দিকে সালথা কলেজের সামনে ফরিদপুর থেকে ময়েনদিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আঁখি বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। রাজবাড়ী: রোববার সন্ধ্যায় তিনজন একটি মোটরসাইকেলে জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের কাছে তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা তিনজনই আহত হন। তাঁদের সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় জিল্লুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় তিনি মারা যান। তিনি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আতর আলী শেখের ছেলে। গোপালগঞ্জ: গতকাল দুপুরে টুঙ্গিপাড়া থেকে বাঁশবাড়িয়া যাওয়ার পথে বেলতলা এলাকায় একটি টেম্পো উল্টে যায়। এতে যাত্রী আব্দুস সাত্তার ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা।বাগেরহাট: গতকাল দুপুরে সুজিত সাহা তাঁর বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কচুয়া থেকে বাগেরহাট যাচ্ছিল। এ সময় একটি পণ্যবাহী ট্রাক উপজেলার প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়ানো তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সুজিত ছিটকে ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমতলী (বরগুনা): রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে কলাপাড়া থেকে আমতলী ফেরার পথে বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ফেরদৌস ও মিরাজ মারা যায়।