সড়ক দুর্ঘটনায় পাঁচ স্থানে স্কুলছাত্রসহ নিহত ৬
যশোরে গতকাল শুক্রবার বাসের চাপায় এক স্কুলছাত্র এবং টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তি নিহত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর, মাদারীপুর, রাজবাড়ী ও রাজশাহীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কেশবপুর (যশোর): যশোর-সাতক্ষীরা সড়কের লাউড়ি এলাকায় গতকাল শুক্রবার বাসের চাপায় জাকির (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামে। তার বাবার নাম শেখ আজিজ। সে মুজগুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলা মোড়ে গত বৃহস্পতিবার একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা (৭০) আহত হন। গতকাল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নাম শুককুলি রানী মণ্ডল। তিনি শ্যামনগর উপজেলার দুর্গাবাটি গ্রামের গণেশচন্দ্র মণ্ডলের স্ত্রী।মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী মাদারীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা জবিউল্লাহ মোল্লা (৩৫) নিহত হন। তাঁর বাড়ি মাদারীপুর শহরের ২ নম্বর শকুনী এলাকায়। রাজবাড়ী: রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার পূর্ব মূলঘর এলাকায় গতকাল মোটরসাইকেলের চাপায় এখলাস উদ্দিন সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তাঁর বাড়ি পূর্ব মূলঘর এলাকায়। এ ব্যাপারে বৃদ্ধের ছেলে আজিজুল সরদার সদর থানায় মামলা করেছেন।রাজশাহী: রাজশাহী নগরের নতুন বাস টার্মিনাল এলাকায় গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক নগরের উজিরপুর এলাকার মোহাম্মদ আবুর ছেলে মিঠু (২৫) নিহত হন। ময়নাতদন্ত শেষে মিঠুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে।পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই উজ্জ্বল মিয়া নিহত হন। গোড়াই হাইওয়ে থানা (প্রস্তাবিত) পুলিশ উজ্জ্বলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।