সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রী বহনকারী একটি ট্রাকের সঙ্গে গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৩০ জন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার সুতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সাধন চন্দ্র দাস নামের এক যুবক এবং গাইবান্ধা শহরে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া গত রোববার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাস থেকে ছিটকে পড়ে ভটভটির নিচে চাপা পড়ে শহিদুল ইসলাম (৫০) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটায় উপজেলার সুতির মোড় এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী বহনকারী একটি ট্রাকের সঙ্গে গরুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গরুবাহী ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের দুজন আরোহী মারা যান। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আহত হন যাত্রী বহনকারী ট্রাকের ৩২ জন যাত্রী। তাঁরা সবাই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
বগুড়া: শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস সকালে উপজেলার নয়মাইল এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাধন চন্দ্র দাস নিহত হন। আহত হন আরও পাঁচজন। সাধন নন্দীগ্রাম উপজেলার পুনাইল গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন। বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
গাইবান্ধা: আনোয়ারা বেগম গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের মৎস্য ভবনের কাছে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন দুই ঘণ্টা ওই সড়কটি অবরোধ করে রাখেন। আনোয়ারার বাড়ি সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামে।
হাকিমপুর (দিনাজপুর): রোববার দুপুরে ঘোড়াঘাট ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম সোনালী ব্যাংকের স্থানীয় একটি শাখা থেকে ঈদের বেতন-ভাতা তুলে বাসে করে ফুলবাড়ী শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। বাসে আসন খালি না থাকায় তিনি দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। বেলা একটার দিকে দিনাজপুর-বগুড়া সড়কে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের কাছে পৌঁছার পর বাসটির সঙ্গে সামনের দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কা লাগে। এ সময় শহিদুল বাস থেকে ছিটকে সড়কের ওপর পড়লে ভটভটির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।