সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
সিলেট, ময়মনসিংহ ও শেরপুরে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: গোলাপগঞ্জের ধারাবহর এলাকায় গতকাল বেলা ১১টার দিকে একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ফুলিন্দ্র কুমার দাস (৫৫) প্রাণ হারান। বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরের শাহজালাল সেতুতে ট্যাংকলরির চাপায় মোটরসাইকেলের চালক শামীম আহমদ (৩৫) মারা যান। ময়মনসিংহ: গৌরীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ইটভাটার শ্রমিক মনোরঞ্জন (৫৫) কাজ শেষে বুধবার সন্ধ্যায় বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বীরপুর এলাকায় ট্রাক্টর চাপায় তিনি মারা যান।
নান্দাইল (ময়মনসিংহ): কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার উচ্চবিদ্যালয়ের শিক্ষক এনামুল হক (২৫) গতকাল বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উলুহাটি এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারান। নালিতাবাড়ী (শেরপুর): শেরপুর-নালিতাবাড়ী সড়কের পৌর সদরের গড়কান্দা এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মোকছেদুল আলম (৫০) গুরুতর আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।