সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গতকাল শনিবার কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে এক মুদি দোকানি নিহত হন। কেরানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগায়ের কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলের সামনে একটি দ্রুতগামী কার্ভাড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের পাঁচ আরোহীর তিনজন নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন। লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে লাশগুলো নিয়ে যাওয়া হয়। পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করতে পারেনি।
নিহত ব্যক্তিরা পরস্পর আত্মীয়। তাঁরা হলেন জসীম উদ্দিন (৩৬), আ. হালিম (৭০) ও মোস্তফা মিয়া (৩০)। জসিম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আ. জলিলের ছেলে। মোস্তফা ফেনীর মধ্যচারীপুর গ্রামের মৃত হাফেজ আহমেঞ্চদের ছেলে। হালিম ফেনীর দৌলতপুর গ্রামের মৃত আ. হকের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুর: শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে মো. সাইদুল ইসলাম (৪০) নামের মুদি দোকানি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার পশ্চিম মনিপুরা গ্রামে।
মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন জানান, গতকাল ভোরের দিকে মাস্টারবাড়ি এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী কাঁচামাল ভর্তি একটি পিকআপ ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালকের পাশের আসনে থাকা সাইদুল ঘটনাস্থলেই মারা যান। তবে পিকআপের চালক পালিয়ে গেছেন।
কেরানীগঞ্জ: পানগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী উৎপল মিয়া (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তেঘরিয়া স্কুলপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, গতকাল দুপুরে উৎপল দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে হাসনাবাদ থেকে পানগাঁও কনটেইনার পোর্ট এলাকায় যাচ্ছিলেন। কনটেইনার ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই উৎপল মারা যান। উৎপলের দুই বন্ধু মোটরসাইকেলের চালক মো. আকাশ (২৭) ও রাসেল মিয়াকে (৩০) পোস্তগোলা সাউথ ইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।