সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
সিলেট নগর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুরের হাজীগঞ্জে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত: সিলেট নগরের জেল রোডে রিকশায় করে যাওয়ার সময় ট্রাকচাপায় পলাশ দাশ (৪৫) নামের এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী নগরের রায়নগর দর্জিবন্দ এলাকার বাসিন্দা। আহত হয়েছেন রিকশার আরেক আরোহী, চালকসহ দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছেন।
রাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাভার্ড ভ্যানের চাপায় বিশাল রায় (১১) নামের এক শিশু মারা গেছে। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসূর গ্রামের বিপুল রায়ের ছেলে।
চালক আর দুই যাত্রীর মৃত্যু: চাঁদপুরের হাজীগঞ্জে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাকিলা রেলক্রসিং এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক চাঁদপুর সদর উপজেলার তরচণ্ডীপুর গ্রামের সুমন জমাদ্দার (৩৫) ও যাত্রী একই উপজেলার জাফরাবাদ গ্রামের বিপ্লব পাল (৩৬) প্রাণ হারান।
আহত দুই যাত্রীর মধ্যে হাজীগঞ্জ সদরের অলিপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩২) গতকাল শুক্রবার কুমিল্লা মেডিকেলে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হামলা চালিয়ে সড়কের ওপর বেশ কটি গাড়ি ভাঙচুর করেন।