সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সরাইলে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় গাড়িচাপায় নেহার বেগম (৩৪) নামের রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। এদিকে গত দুই দিনে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক স্কুলছাত্র ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ভূইয়া (২২) মোটরসাইকেলে করে গতকাল বেলা দেড়টার দিকে কুটি চৌমহনী থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিশারাবাড়ি এলাকায় তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মারা যান। তিনি উপজেলার পানিয়ারূপ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল সকালে দুই শতাধিক মোরগবোঝাই একটি সিএনজিচালিত টেম্পো নিজসরাইল এলাকায় একটি খাদে পড়ে যায়। এতে চালক শাহজাহান মিয়া (৩২) টেম্পোর নিচে পড়ে মারা যান। শাহজাহান উপজেলার সৈয়দটুলা গ্রামের রহিম মিয়ার ছেলে।
নান্দাইল (ময়মনসিংহ): গতকাল পানি পান করার কথা বলে মাহফুজ মিয়া (৮) নামের এক ছাত্র বিদ্যালয়ের পাশের সড়কে যায়। এ সময় একটি মাটিবাহী ট্রলি তাকে চাপা দিলে সে মারা যায়। মাহফুজ উপজেলার ভূঁইয়াপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে।
রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঝালুয়া বাজারের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল হোসেন সরকার (৫০) মানা যান। তাঁর বাড়ি উপজেলার ঝালুয়া গ্রামে।
মৌলভীবাজার: বেলা সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাস আরেকটি রিকশাকে চাপা দিলে নেহার বেগম মারা যান। তিনি কুলাউড়ার রবিরবাজার এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।