সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় জিপের চাপায় দুজন নিহত হয়েছেন৷ চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের চাপায় আরও দুজন নিহত হন৷ যশোরের কেশবপুরে ট্রাকের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়৷ গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আমতলী (বরগুনা): গতকাল দুপুরে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমতলী অংশের কালীবাড়ী এলাকায় একটি আন্তর্জাতিক দাতা সংস্থার জিপের নিচে চাপা পড়ে দুলাল (৪০) নামের এক পথচারী এবং জাহাঙ্গীর হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন৷ জাহাঙ্গীরের বাড়ি বরগুনা সদরের বাঁশবুনিয়া গ্রামে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য৷ দুলালের বাড়ি কালিবাড়ী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই জিপটি কালিবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুলালকে চাপা দেয়৷ এরপর একটি মোটরসাইকেলকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ও জসিম গুরুতর আহত হন। জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আমতলী থানার এসআই মো. ইউনুস বলেন, জিপ ও এর চালককে আটক করা হয়েছে৷
চুয়াডাঙ্গা: সদর উপজেলার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার গঙ্গা হালদার (৩০) ও সদর উপজেলার ইসাহক আলী (৬০)।
বুধবার সন্ধ্যার দিকে ভালাইপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে ঢুকে পড়ে। এ সময় বাসের চালকসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে আটজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই গঙ্গা হালদার এবং গতকাল সকালে ইসাহক আলী মারা যান।
কেশবপুর (যশোর): জেলার কেশবপুরে গতকাল সকালে ট্রাকের চাপায় নাঈম হাসান (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম সারুটিয়া গ্রামের মনিরুল মোড়লের ছেলে৷ কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।