সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর, যশোরের কেশবপুর ও গাইবান্ধার পলাশবাড়ীতে গত সোম ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী একটি বাস গতকাল সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ গোমা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক গাঙ্গাইর গ্রামের ফরহাদ হোসেন (৩৫) ও তাঁর মা বেদেনা বেগম (৬২) নিহত হন।
কেশবপুর (যশোর): কেশবপুরের বুড়িহাটি গ্রামের ছোরমান আলী সরদার (৪০) ভাড়ায় মোটরসাইকেল চালান। গতকাল সকালে দুজন আরোহী নিয়ে কেশবপুর শহরের কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি বাস তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছোরমান মারা যান।
সোমবার রাতে খুলনার ডুমুরিয়ার ধাড়িয়াডাঙ্গা গ্রামের দোকানশ্রমিক সাদ্দাম হোসেন (২০) মালিক মামুনের সঙ্গে প্রাইভেট কারে করে চুকনগর থেকে কেশবপুরে আসছিলেন। পথে রাস্তার বাঁকে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন।
গাইবান্ধা: গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজারে বাসের ধাক্কায় সোমবার আবদুস ছাত্তার (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হন। ছাত্তার উপজেলার নান্দিশহর গ্রামের হোসেন আলীর ছেলে।