সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত ২২

মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন হাইওয়ে পুলিশের টহলরত সদস্যরা। কিন্তু বেপরোয়া একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক কনস্টেবল ও বাসের দুই যাত্রী। আহত হয়েছেন হাইওয়ে পুলিশের তিন কনস্টেবল ও বাসের অন্তত ১২ যাত্রী। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ীর সদর উপজেলার নিমতলী নামক স্থানে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনার এক ঘণ্টা পর খুলনা নগরের খানজাহান আলী (রূপসা) সেতুর ওপরে ট্রাক ও ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল ও গাড়ির চালক রুবেল হোসেন (২৬), বাগেরহাটের সদর উপজেলার ডেমা গ্রামের গাজী দেলোয়ার হোসেন (৫২), মোল্লারহাট উপজেলার সোনাপুরা গ্রামের সৌদি আরবপ্রবাসী হারুন শেখ (৩২), চিতলমারী উপজেলার পিকআপের চালক কামরুল ইসলাম (৩৮) ও সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫)। কনস্টেবল রুবেলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামে।
বাসযাত্রী কাজী শামীম ও মনির হোসেন এবং আহ্লাদীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, বাগেরহাট থেকে দিগন্ত পরিবহনের (ঢাকা মেট্রো ০৪-৬৯৯৯) একটি বাসে তাঁরা ঢাকা যাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ী সদরের বসন্তপুরে দৌলতদিয়া-খুলনা সড়কে একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও বাসের যাত্রীরা তাঁদের নামিয়ে দিতে চিৎকার শুরু করেন। কিছুদূর আসার পর চালক নিমতলী নামক স্থানে বাসটি থামান। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে অন্য বাসের ওঠার জন্য রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এদিকে মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন। চারজন কনস্টেবল ও বেশ কয়েকজন যাত্রী বাসের পেছনে ছিলেন। এ সময় মা ও নবজাতকের জীবন রক্ষাকারী জরুরি ভ্যাকসিন সরবরাহের কাজে নিয়োজিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী হারুন শেখ ও গাজী দেলোয়ার হোসেন নিহত। আহত হন তিন কনস্টেবলসহ ১৫ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে পাঠনো হয়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে কনস্টেবল রুবেলের মৃত্যু হয়।
এসআই রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কনস্টেবল সেলিম মোল্লা, ইলিয়াস হোসেন ও আবু আক্তার আহত হয়েছেন। তাঁদের মধ্যে সেলিম মোল্লার অবস্থা আশঙ্কাজনক।
এসআই জানান, বাস ও ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে বাস ও ট্রাকের চালক এবং সহকারীরা পালিয়ে গেছেন। কনস্টেবল রুবেলের জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনার সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজার থেকে সবজি কিনে সাত-আটজন বিক্রেতা ছোট একটি পিকআপে করে চিতলমারীর উদ্দেশে রওনা দেন। গাড়িটি খানজাহান আলী সেতুর ওপর উঠলে তেল বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক কামরুল ইসলাম ও সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হন। আহত হন ইয়াকুব (২৫), তরিকুল (২৮), রসুল (৩০), টুটুল শেখ (৪০), মোতালেব (৪০), রুবেল (২২) ও মিথুন (১৮)। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় সেতুর ওপর আটকে গেলে যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।