মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ওবায়দুল কাদের
সড়ক দুর্ঘটনায় পাখির মতো, মাছির মতো মানুষ মরছে

ঈদে সড়ক দুর্ঘটনায় পাখির মতো, মাছির মতো মানুষ মরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেপরোয়া ও অসংযতভাবে গাড়ি চালানোর কারণেই এমনটি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রথমে মন্ত্রী তাঁর নিজ মন্ত্রণালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে দলের কোনো পদে তিনি প্রার্থী নন বলেও জানান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান হয়।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নিজেকে সফল দাবি করে ওবায়দুল কাদের বলেন, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। এবারের ঈদে (ঈদুল আজহা) সেই সাফল্য ধরে রাখা যায়নি। পরিবহনগুলোতে দক্ষ চালকের চেয়ে অদক্ষ চালকই বেশি। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এই ব্যর্থতার দায় তিনি এড়াতে পারেন না। দুর্ঘটনা কমিয়ে আনতে সড়কের ১৪২টি দুর্ঘটনাপ্রবণ স্থানের (ব্ল্যাক স্পট) উন্নয়নের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে।
রাজনীতিকেরা বেপরোয়া উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ ট্রাফিক আইন মানে। কিন্তু অসাধারণ মানুষকে আইন মানানো কঠিন। যাঁরা ট্রাফিক আইন মানেন না, তাঁরা রাজনীতি করেন। সাধারণ লোকেরা যতটা কথা শোনেন, অসাধারণ লোকেরা ততটা কথা শোনেন না। হেলমেটবিহীন ও তিনজন নিয়ে কোনো বাইকচালককে জিজ্ঞাসা করলে দেখবেন, তাঁরা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী।
‘দলীয় পদে প্রার্থী নই’: আগামী ২২-২৩ অক্টোবর নির্ধারিত দলের জাতীয় সম্মেলনে কোনো পদে প্রার্থী নন জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যখন হয় আমি মাঝে মাঝে বিব্রত হই, লজ্জাও পাই। সম্মেলন সামনে রেখে আলাপ-আলোচনা আসে, পত্রিকায় ছবি বের হয়। আপনাদের স্পষ্ট ও পরিষ্কারভাবে বলতে চাই, আমি আওয়ামী লীগের কোনো পদে প্রার্থী নই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি প্রার্থী হয়েছিলাম যখন জলিল ভাই ছিলেন। নেত্রী আমাকে প্রার্থী হতে বলেছিলেন, সে জন্য আমি প্রার্থিতা ঘোষণা করেছিলাম প্রকাশ্যে। সম্মেলনের আগে জলিল ভাই হাসপাতালে, তখন নেত্রী আমাকে বললেন, তুমি হাসপাতালে গিয়ে বলো তুমি প্রার্থিতা প্রত্যাহার করেছ। আমি নেত্রীর কথায় প্রত্যাহার করে নিই।’ তিনি বলেন, ‘নেত্রী ভালো জানেন কাকে কখন কোথায় দেবেন। প্রার্থিতা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় এনে আমাকে বিব্রত করবেন না। কোনো পত্রিকায় যখন নিউজ হয়, আমি বিব্রত হই। গত দুই দিন আমি ঢাকায়, পার্টি অফিসে যাচ্ছি না। প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। আমি যেভাবে আছি নেত্রী যদি আমাকে সেভাবে রাখেন, তাতেই আমি খুশি। কোনো উচ্চাকাঙ্ক্ষা আমার নেই।’
‘বর্তমান ব্যবস্থাতেই বিএনপি নির্বাচনে অংশ নেবে’: ওবায়দুল কাদের বলেন, ‘আমি বেঁচে থাকলে, আপনারা বেঁচে থাকলে দেখতে পারবেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বর্তমান ব্যবস্থার অধীনে অংশ নেবে।’ মধ্যবর্তী নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে দেশ-বিদেশে কোনো যুক্তিসংগত বা বাস্তবসম্মত তাগিদ বা চাপ সরকার অনুভব করছে না। পার্লামেন্টে আস্থা-অনাস্থার সংকট নেই। তাহলে কেন আমরা গায়ে পড়ে একটা মধ্যবর্তী তামাশার নাটক সাজাতে যাব।’ তিনি বলেন, বিএনপি আরেকটা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি দেশে সৃষ্টি করতে পারেনি। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।