সড়ক দুর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, বরিশালের গৌরনদী এবং যশোরে তিনজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: রোববার বেলা দুইটার দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোবরা-নিলার মাঠের কাছে একটি ইজিবাইক অপু সিকদারকে (১০) চাপা দেয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গতকাল সকাল সাতটার দিকে সে মারা যায়। সে সদর উপজেলার গোবরা ইউনিয়নের নিলার মাঠ এলাকার কাওসার শিকদারের ছেলে। সে শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
গৌরনদী (বরিশাল): গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ছালাম ফকির (৩৫) প্রাণ হারান।
যশোর: সদর উপজেলার চুরামনকাঠি-সাতমাইল এলাকায় রোববার একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী ইমরান হোসেন ওরফে অলি (৩০) মারা যান।