সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত
নরসিংদীর বেলাব উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের কাজল মিয়া (৪৫) ও মেঘনাবাজ গ্রামের আমিনুল ইসলাম (৪২)। আহত হয়েছেন সদর উপজেলার মাধবদী এলাকার ফয়সাল মিয়া (৩৮)। রাতেই মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাতে নরসিংদী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। বারৈচা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি পেছন থেকে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ এর তিন আরোহী গুরুতর আহত হন। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম প্রথম আলোকে বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।