সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম মো. আবু মুসা (৩৫)। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার আফরা গ্রামের আকুল হোসেন প্রামাণিকের ছেলে। মুসা ছুটি থেকে কর্মস্থলে ফিরছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, মুসা ঈদের ছুটি শেষে নিজ বাড়ি পাবনার সাঁথিয়া থেকে তাঁর কর্মস্থল সিরাজগঞ্জ সদর থানার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হন। সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে পেছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে রাখা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উল্লাপাড়ার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দীন জানান, আজ বাদ জোহর সিরাজগঞ্জ পুলিশ লাইনে তাঁর জানাজা হয়। লাশ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।