সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শহরে গত বুধবার সন্ধ্যার দিকে ট্রাকের চাপায় পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ভোলা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারান।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: নিহত পুলিশ কর্মকর্তার নাম মীর আজাদ রফিকুল হাসান (৫৫)। তিনি পুলিশের তদন্ত সংস্থার (পিবিআই) উপপরিদর্শক (এসআই) পদে ফরিদপুরে কর্মরত ছিলেন। মীর আজাদের বাড়ি কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাঁস এলাকায়। পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর রফিকুল হাসান ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহর নুরু মিয়া বাইপাস সড়কে হাঁটছিলেন। একপর্যায়ে বাইপাস সড়কের পেট্রলপাম্পের কাছের সেতু এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর ডান পা ও পাঁজর ভেঙে যায়। পরে সহকর্মীরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রাত সোয়া আটটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভোলা: গতকাল দুপুরে সদর উপজেলার ভোলা-ইলিশা সড়কের জংশন ইসলামিয়া মডেল কলেজের সামনে একটি মাইক্রোবাসের চাপায় মোতালেব হোসেন হাওলাদার (৮০) নামের একজন নিহত হন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে উপজেলার ইলিশা বাসস্ট্যান্ডে মাইক্রোবাসটি আটক করে। তবে চালক পালিয়ে গেছেন। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে। সদর থানার ওসি মোবাশ্বের আলী ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বশির আহমেদ জানান, ওই চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে।
চুয়াডাঙ্গা: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে জীবননগর উপজেলার মনোহরপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তপন বিশ্বাস (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তপন মনোহরপুরের যামিনী কান্ত বিশ্বাসের ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। জীবননগর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।