সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য ও দুই ছাত্রসহ নিহত ৪
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গতকাল শনিবার বনভোজনের একটি বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন ভোলার বোরহানউদ্দিনে ট্রাক্টরের চাপায় অপর এক স্কুলছাত্র এবং ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রাজবাড়ীতে গত শুক্রবার গাড়িচাপায় এক গৃহকর্মী নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—
মেহেরপুর: মুজিব নগরের বিদ্যাধরপুর মোড়ে গতকাল টাঙ্গাইল থেকে আসা বনভোজনের একটি বাসের চাপায় সেলিম রেজা (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
তার বাবা সিরাজ হোসেন জানান, সড়কের পাশেই তাঁদের বাড়ি। সকালে বনভোজনের বাসে গানের শব্দ শুনে তাঁর ছেলে দৌড়ে রাস্তার ওপর গিয়ে দাঁড়ায়। এ সময় বাসের চাপায় তাঁর ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন।
ভোলা: গতকাল সকাল সাড়ে নয়টায় বোরহানউদ্দিন উপজেলার জয়া সড়কের ব্রিকসের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় মো. ইয়ামিন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাঈল হাওলাদারের ছেলে। ইয়ামিন পূর্বজয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে।
ফরিদপুর: সকাল পৌনে ১০টার দিকে ট্রাফিক পুলিশের হাবিলদার মানিক চন্দ্র মজুমদার (৪৮) মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা আসছিলেন। পথে মনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে গেলে তিনি সড়কের বাঁপাশে একটি পিলারের ওপর গিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামে।
রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার জেলা কারাগারের পাশে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান বাটা হাম্বারের চাপায় আলেয়া বেগম (৪৪) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের ওমোদ আলী শেখের স্ত্রী। নিহতের প্রতিবেশী আবদুল হালিম জানান, শহরের নতুন বাজার এলাকায় একটি বাসায় কাজ শেষে বাড়ি ফেরার পথে আলেয়া দুর্ঘটনায় নিহত হন।