সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রুপম চন্দ্র নাথ (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপম নগরের ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে টহল দেওয়ার সময় ইপিজেড মোড়ে দ্রুতগামী একটি মাইক্রোবাস রুপমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক।
রুপমের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। গত বছর ইপিজেড থানায় তিনি কাজে যোগ দেন।