সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় গতকাল সোমবার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই দিনে চুয়াডাঙ্গা দর্শনা শহরে মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র মারা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাইওয়ে থানার পুলিশ সদস্য জামিরুল ইসলাম (৩৮) ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শুভাশীষ পাল (১৬)।
যশোরের রহমতপুর এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে যশোর সদর উপজেলার রহমতপুর এলাকায় দুর্ঘটনায় বিকল হওয়া একটি বাস উদ্ধার ও নিয়মিত তল্লাশির কাজ করছিল ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ। বেলা ১১টার দিকে যশোর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস সেখানে দায়িত্ব পালনরত জামিরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশের এএসপি মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফেরদৌস আহমেদ বলেন, স্কুলছাত্র শুভাশীষ পাল দর্শনা শহরের অগ্রণী ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শুভাশীষ সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় শুভাশীষ।
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলস্টেশন এলাকায় গতকাল সকালে ট্রেনে কাটা পড়ে জাহানারা বেগম (৩০) নামের এক গৃহবধূ ও তাঁর মেয়ে ইমা বেগমের (২) মৃত্যু ঘটেছে। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে মনু রেলস্টেশনের কাছে রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় শিশু ইমাকে কাঁদতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পাশে তার মা জাহানারার লাশ পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই আরব আলী মুঠোফোনে বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।