মেহেদির রং না মুছতেই রাসেল ভূঞা (২৮) নামের এক পুলিশ সদস্যের জীবন কেড়ে নিল বাস। গতকাল রোববার সকাল পৌনে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার সাইলচর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
একই দিন কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় জঙ্গলবাড়ি মহিলা কলেজের অফিস সহকারী শফিকুল ইসলাম (৪০) নিহত হন। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর করিমগঞ্জ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক ছিলেন। গতকাল দুপুরে উপজেলার জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
দেবীদ্বারে নিহত রাসেল রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত ২৪ অক্টোবর তিনি বিয়ে করেন। বিয়ের নয় দিনের মধ্যে তাঁর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গতকাল সকাল পৌনে ১০টায় একটি যাত্রীবাহী বাস কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী রাসেল ভূঞার ঘটনাস্থলেই নিহত হন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাসেল ভূঞা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাড়াই গ্রামের মজিবুর রহমান ভূঞার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল গতকাল দুপুর ১২টার দিকে সাইকেলে যাওয়ার সময় কলেজের সামনে একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ময়মনসিংহ অফিস জানায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে ময়মনসিংহগামী ‘চিটাগাং মেইল’ ট্রেনটি ভবানীপুর রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনে বসে থাকা অজ্ঞাত এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া ট্রেনের চালক আফাজ উদ্দিন, ট্রাকচালক মো. ফরিদ, ট্রাকচালকের সহকারী খোকন মিয়াসহ কমপক্ষে চারজন আহত হন।