সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় গতকাল রোববার সকালে পণ্যবাহী ট্রাকের চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। একই দিন গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হন।
নিহত কনস্টেবলের নাম জাকির হোসেন (৪৫)। তিনি ঘিওর থানায় দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর গ্রামে। ঘিওর থানার পুলিশ জানায়, গতকাল ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলায় দায়িত্ব পালন করছিলেন জাকির হোসেন। সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের জোকা এলাকায় পণ্যবাহী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা জাকিরকে চাপা দেয়। ঘটনাস্থলেই জাকির নিহত হন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
গাজীপুরে নিহত পথচারীরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তের বাগ (বাংলা বাজার) গ্রামের আবদুর রফিক (৫০) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার মো. ইলিয়াস (২৪)। মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, গতকাল ভোরে শ্রীপুরের নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস রফিককে চাপা দেয়। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বলেন, গতকাল সকালে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পোশাকশ্রমিক মো. ইলিয়াসকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলেই তিনি মারা যান।