সড়ক দুর্ঘটনায় পুলিশসহ তিনজন নিহত
খুলনা, বাগেরহাট ও মেহেরপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
খুলনায় নিহত ব্যক্তির নাম রেজাউল শেখ (৫০)। তাঁর বাড়ি ফুলতলা উপজেলার বাজিতপুর গ্রামে। বাগেরহাটে পুলিশের নিহত সদস্যের নাম মোল্লা ওমর আলী (৫২)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রাম এলাকার বাসিন্দা। গাংনীতে প্রাণ হারানো গৃহবধূর নাম যমুনা খাতুন (২১)। তিনি ধলা গ্রামের আলামিন হোসেনের মেয়ে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : খালিশপুর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে রেজাউল শেখ মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে খুলনা শহরের দিকে যাচ্ছিলেন। নূর নগর এলাকায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে খুলনা-যশোর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা (তিন চাকার যান) তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর ইলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোল্লা ওমর আলী সকাল ১০টার দিকে বাইসাইকেলে আদালত এলাকায় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। পথে বাগেরহাট-খুলনা সড়কের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, মোল্লা ওমর আলী বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
কুষ্টিয়া : নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, বাবা আলামিন হোসেনের শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে চড়ে মেহেরপুর শহর থেকে দুপুরে তাঁরা বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কাথুলী সড়কের সহগোলপুর এলাকায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়ে যমুনা আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।